দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে গত এক মাসে ৬২১টি সড়ক দুর্ঘটনায় ৬০৮ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ১১০ জন।মঙ্গলবার (৪ জানুয়ারি) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এই প্রতিবেদনের তথ্য বলছে, গত জানুয়ারি মাসে নানা সড়ক দুর্ঘটনায় ১৪৩ জন পথচারীর প্রাণ গেছে; যা মোট নিহতের ২৩ দশমিক ৫১ শতাংশ। ২৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৬৪ জন নিহত হয়েছেন; যা মোট নিহতের ৪৩ দশমিক ৪২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৩ দশমিক ৬৩ শতাংশ।
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়- জানুয়ারি মাসে ২৮ জন বাস যাত্রী, ৩৪ জন ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ৩৪ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ১৯ জন, থ্রি-হুইলার যাত্রী ৯০ জন, নসিমন-ভটভটি-মাহিন্দ্র-টমটম যাত্রী ১৮ জন, এবং বাইসাইকেল-রিকশা আরোহী ১২ জন নিহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ২১৪টি জাতীয় মহাসড়কে, ২৬৫টি আঞ্চলিক সড়কে, ৯৬টি গ্রামীণ সড়কে এবং ৪২টি শহরের সড়কে এবং ৪টি অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে। দুর্ঘটনাসমূহের ১৩৩টি মুখোমুখি সংঘর্ষ, ২৫৮টি ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে, ১৪১টি ঘটনা পথচারীকে চাপা/ধাক্কা দিয়ে, ৭৫টি ঘটনা যানবাহনের পেছনে আঘাত করা এবং ১৪টি দুর্ঘটনা অন্যান্য কারণে ঘটেছে। এসব দুর্ঘটনার সর্বোচ্চ ৩১ দশমিক শূণ্য ৭ শতাংশ ঘটনা সকালে ঘটেছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ দশমিক ২৩ শতাংশ ঘটনা দুপুরে সংঘটিত হয়েছে।
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৭২টি দুর্ঘটনায় ১৬১ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ৩১টি দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে ঢাকা জেলায় ৪২টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছে। সবচেয়ে কম পঞ্চগড় জেলায়। এই জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি। গত জানুয়ারি মাসে রাজধানীতে ২৮টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন।
নানা দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে রোড সেফটি ফাউন্ডেশন বলছে, গত জানুয়ারি মাসে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ১৯ দশমিক ৬১জন। দেশব্যাপী ঘন কুয়াকার কারণে দুর্ঘটনা বেড়েছে। অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে।
এই সময়ে ৪টি নৌ-দুর্ঘটনায় ৬ জন নিহত, ২ জন আহত হয়েছেন। ২২টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।